জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টায় এ ঘটনা ঘটে। জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, শনিবার রাত ৯টায় সরিষাবাড়ী পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী রুকনুজ্জামান রুকনের সমর্থকদের একটি নির্বাচনি মিছিল উপজেলা বিএনপি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ ছাড়াও বেশকয়েকটি দোকান ভাঙচুর করা হয়। দুটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সুপার জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
/আরএ/এইচকে
আপ-এইচকে