বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে গিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) আহমেদ উল্লাহ ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার দুই জন হলেন, মো. রিয়াজ (২২) ও মো. রবিন (২১)। মো. রিয়াজ ডবলমুরিং থানার মোগলটুলির কাটা বটগাছ এলাকার মো. হানিফের ছেলে। রিয়াজ চট্টগ্রাম ইসলামিয়া কলেজের শিক্ষার্থী। রবিন তার বন্ধু।
আহমেদ উল্লাহ ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, গত ১৬ সেপ্টেম্বর সদরঘাট থানার সরকার পুকুর পাড়ে বন্ধু রবিনের সহযোগিতায় ওই কিশোরীকে ধর্ষণ করে মো. রিয়াজ। এ ঘটনায় শনিবার রাতে অভিযোগ পেয়ে রবিবার ভোর ৫টার দিকে তাকে এক সহযোগীকেসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় রবিবার ওই কিশোরীর বাবা থানায় মামলা দায়ের করেছেন।
তিনি আরও বলেন, এজাহারে ওই কিশোরীর বাবা অভিযোগ করেন রিয়াজ তার কিশোরী কন্যাকে রবিনের বাড়িতে বেড়াতে নিয়ে যায়। এরপর সেখানে তার মেয়েকে রিয়াজ ধর্ষণ করে।
তিনি জানান, ধর্ষণের শিকার ওই কিশোরীকে পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করা হবে।’