যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রবি সরেন জেলার বীরগঞ্জ উপজেলার মহুগাঁও গ্রামের মৃত হরি সরেনের ছেলে।
মামলার এজাহারে জানা যায়, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় রবি সরেন একই এলাকার ৫ম শ্রেণির এক ছাত্রীকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এসময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে রবি পালিয়ে যান। পরদিন ৩ সেপ্টেম্বর মেয়ের বাবা বাদী হয়ে রবি সরেনের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী-০৩)এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।
মামলার পর বীরগঞ্জ থানা পুলিশ রবি সরেনকে আটক করেন। একই বছরের ২২ সেপ্টেম্বর তৎকালীন বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন প্রধান মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক ইসরাইল হোসেন জানান, বিচারক রবি সরেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মামলাটিতে মোট ১০জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলাটি রাষ্ট্রপক্ষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি তৈয়বা বেগম ও আসামি পক্ষে মোকলেসুর রহমান দুলাল পরিচালনা করেন।