ধর্ষণের অভিযোগ এনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান




বরিশালবরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামে ধর্ষণের অভিযোগ এনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক কলেজছাত্রী অবস্থান নিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শুকদেব বাড়ি থেকে উধাও। অন্যদিকে বিয়ে না হলে, আত্মহত্যার হুমকি দিয়েছেন নির্যাতনের শিকার ছাত্রী। শুকদেব উপজেলার পাকুরিতা গ্রামের হরেণ জয়ধরের ছেলে।

এইচএসসি দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী জানান, শুকদেব জয়ধরের সঙ্গে তার দেড় বছরের সম্পর্ক। সম্পর্কের সুযোগে শুকদেব প্রথমে তাকে একদিন ধর্ষণ করে। পরে বিয়ের কথা বলে আরও একাধিকবার ধর্ষণ করে। পরে বিয়ের জন্য চাপ দিলে শুকদেব আনুষ্ঠানিকভাবে বিয়ে না করে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে হয়ে গেছে বলে দাবি করে। বিষয়টি শুকদেবের পরিবারকে জানানোর জন্য চাপ দিলে সম্প্রতি সে গোপনে উজিরপুর উপজেলার কালবিলা গ্রামে বিয়ে করে। বিয়ের পরেও গত সোমবার রাতে একা ঘরে থাকার সুযোগে জানালা ভেঙে ভেতরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় বলে জানায় ওই ছাত্রী। তবে তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে শুকদেব পালিয়ে যায়।

এ বিষয়ে বাকাল ইউনিয়নের স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড সদস্য নির্মল বিশ্বাস বলেন, শুকদেব পালিয়ে যাওয়ার পর সোমবার রাতেই বিয়ের দাবিতে শুকদেবের বাড়িতে অবস্থান নেয় ওই ছাত্রী। বর্তমানে নির্যাতিতা বিয়ের দাবিতে ধর্ষক শুকদেবের ঘরে অবস্থান করছে। লোকজনের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে ছাত্রীর মুখে সব কথা শুনেছি। বিষয়টি বিয়ের মাধ্যমে সমাধানের জন্য ছেলের বাবা ও তার পরিবারের লোকজনকে বলা হয়েছে। পারিবারিকভাবে বিষয়টি সমাধান না হলে মেয়েকে আইনের আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান মেম্বার।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। ছেলে-মেয়ের মধ্যে বিয়ে হবে বলে মেয়ের পক্ষ থেকে কোনও অভিযোগ দিতে চাইছে না। যদি মেয়ের পরিবার থেকে অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।