র্যাব-১১ এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, জীবন এক গার্মেন্ট কর্মীর ছোট বোনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো। এ ধারাবাহিকতায় জীবন গত ১২ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে দশ থেকে পনের জনের কিশোর গ্যাং সদস্যকে নিয়ে ওই গার্মেন্ট কর্মীর বাসায় ঢুকে তার ছোট বোনকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় গার্মেন্টকর্মী বড় বোন বাধা দিলে জীবন তাকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় গার্মেন্টকর্মী কে উদ্ধার করে প্রথমে শহরের জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ওই গার্মেন্টকর্মীর মা ফতুল্লা থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে র্যাব তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে কিশোর গ্যাং লিডার জীবনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।