পালিয়ে যাওয়ার পর অপহরণ মামলায় প্রেমিক গ্রেফতার




বরিশালবরিশালের বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের খাস মহেষপুর গ্রাম থেকে ৯ দিন আগে পালিয়ে যাওয়া প্রেমিক যুগলকে উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে (১৪ অক্টোবর) খুলনার রূপসা ঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করে বুধবার দুপুরে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় গত ৬ অক্টোবর প্রেমিকার খালা রাশিদা বেগম বাদী হয়ে প্রেমিক রাহাত এবং তার বাবা-মা ও খালা-খালুকে আসামি করে অপরহণ মামলা দায়ের করেন।

প্রেমিক রাহাত মৃধা (১৮) উপজেলার খাস মহেষপুর গ্রামের বাসিন্দা। সে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। প্রেমিকাও একই এলাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী (১৪)।

মামলার তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআই জসিমউদ্দিন হাওলাদার জানান, উদ্ধার হওয়া যুগল পূর্ব পরিচিত। দুই জনই ঢাকায় বসবাস করতো, তাদের প্রেমের সম্পর্ক রয়েছে।

এ ঘটনায় ওই ছাত্রীর খালা থানায় অপহরণ মামলা দায়ের করলে মোবাইল প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। মঙ্গলবার রাতে খুলনা পুলিশের সহায়তায় রাহাতের চাচাতো বোনের শ্বশুড়বাড়ি অভিযান চালিয়ে রাহাতকে গ্রেফতার ও ওই স্কুলছাত্রীকে উদ্ধার দেখানো হয় বলে জানান তিনি।