পুকুর ভরাটের দায়ে ইউপি চেয়ারম্যানকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামঅনুমতি না নিয়ে পুকুর ভরাটের অভিযোগে চট্টগ্রামের সীতাকুন্ডের ছলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজকে তিন লাখ টাকা জারিমানা করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে শুনানি শেষে তাকে এই জরিমানা করা হয়।

অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ছলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ পরিবেশ অধিদফতরের কোনও অনুমতি না নিয়ে সরকারি খাস জমিতে অবস্থিত একটি পুকুরের প্রায় ৩০ শতাংশ ভরাট করেন। পরিবেশ অধিদফতরের পরিদর্শনকারী দল সরেজমিন অভিযানে এই ভরাটের প্রমাণ পান। পরে বৃহস্পতিবার শুনানিতে পরিবেশ অধিদফতরের পরিদর্শক নাজিম হোসেন শেখের কাছে পুকুর ভরাটের বিষয়টি স্বীকার করে নিলে চেয়ারম্যান মহোদয়কে জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জরিমানার পাশাপাশি পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পরিবেশ অধিদফতর।