জাতির পিতার ছবি অবমাননা, নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বহিষ্কার

NSTU Bangabandhu Mural

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে অন্য ব্যক্তির ছবি প্রদর্শন করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন্ আপত্তিকর মন্তব্য লিখে জাতির পিতার ছবির অবমাননা করায় এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দফতরের সহকারী পরিচালক ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে অন্য ব্যক্তির ছবি প্রদর্শন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য লিখে জাতির পিতার ছবির অবমাননা করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করায় শৃঙ্খলা বোর্ডের অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র ফয়েজ আহমেদকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ী বহিস্কার করা হবে না এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী পাঁচ দিনের মধ্যে রেজিস্ট্রার বরাবর জানাতে নির্দেশ দেওয়া হয়।