ফেনীতে বালু মহলের নিয়ন্ত্রণ নিতে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ




ফেনীফেনীর ছাগলনাইয়ায় বালু মহলের নিয়ন্ত্রণ নিতে মো. জামশেদ আলম (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন লাশ উদ্ধার ও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

নিহত জামশেদ আলম মধ্যম জয়পুর গ্রামের দিল আম্মদের ছেলে

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বালু মহলের নিয়ন্ত্রণ নিয়ে জামশেদ আলমের সঙ্গে স্থানীয় মো. দাউদসহ বেশ কয়েকজনের বিরোধ চলছিলো। গত রাতে জামশেদ মুহুরিগঞ্জ সিএনজি ফিলিং স্টেশন থেকে তার গাড়িতে গ্যাস ভর্তি করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। সন্ত্রাসীরা তার মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে ফেনী জেনারেল হাসাপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়।