ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ গ্রেফতার ২

মানিকগঞ্জডাকাতির প্রস্তুতিকালে মানিকগঞ্জ সদর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে দেশি অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার দুজন হলো– রাজবাড়ীর কালুখালী উপজেলার সাদারচর এলাকার আলিমুদ্দিনের ছেলে পলাশ ফকির (৪০) এবং রংপুরের পীরগাছা উপজেলার রামগোপাল এলাকার আবুল হোসেনের ছেলে রাশেদ মিয়া (২৫)। ঢাকার সাভারের গেন্ডা এলাকার একটি ভাড়াবাড়িতে একসঙ্গে থাকতো তারা।

পুলিশ জানায়, পলাশ ও রাশেদের সঙ্গে ডাকাতির উদ্দেশ্যে থাকা পালিয়ে যাওয়া অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ভাস্কর সাহা জানান, বৃহস্পতিবার রাতে আন্ধারমানিক এলাকার চেকপোস্টে হরিরামপুরমুখী একটি পিকআপের থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। সিগন্যাল দেখে পিকআপটি থামার সঙ্গে সঙ্গে তিনি-চার জন লোক দৌড়ে পালিয়ে যায়। এ সময় ওই পিকআপে থাকা চালকসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানায়, গ্রেফতার ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের দেওয়া তথ্যমতে পিকআপের কেবিন থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার শাবল, লোহার হাসুয়া, কাঠের বাট, বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের আসামি করে এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয় বলে জানান তিনি।