বিজিবির হাতে ভারতীয় গুপ্তচর আটক

-লালমনিরহাটের মোগলহাট সীমান্তে শহিদুল ইসলাম (২৪) নামে এক ভারতীয় গুপ্তচরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। রবিবার সকাল সাড়ে ১১টায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল আহমদ বজলুর রহমান হায়াতী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারতীয় নাগরিক শহিদুলকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে।’
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, মোগলহাট সীমান্তের ৯২৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলার সীমান্ত পথে সে বাংলাদেশে অনুপ্রবেশ করে। গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি শহিদুল ইসলামকে আটক করে।
আটক শহিদুল ইসলামের বাড়ি ভারতের কুচবিহার জেলার দিনহাটা মহকুমার জারিদল্লা এলাকায়। সে মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
/এনএস / এএইচ