ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে তিন তলার ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা!

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক কিশোরীকে (১৫) তিন তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করেছে দুই বখাটে যুবক। শনিবার রাতে বন্দরের কেওঢালা বাগদোবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই কিশোরী বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রবিবার (০১ অক্টোবর) বিকেলে কিশোরীর বড় বোন বাদী হয়ে রুবেল (২৫) ও অপু (২২) নামে দুই যুবককে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।

রবিবার রাতে এ বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনার পর থেকে অভিযুক্ত দুইজন পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

মামলা সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা বাগদোবাড়িয়া গ্রামের একটি তিন তলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন কিশোরীর বড় বোন। গত ১৪ অক্টোবর বোনের বাসায় বেড়াতে আসেন ওই কিশোরী। এরপর থেকে ভবনের নিচের মুদি দোকানদার রুবেল ও অপর ভাড়াটিয়া অপু ওই কিশোরীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় শনিবার রাত ২ টার দিকে রুবেল ও অপু ওই কিশোরীর ঘরে কৌশলে ঢুকে মুখ চেপে ধরে তাকে ছাদে নিয়ে যায়। এরপর তারা ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরীর পরিধেয় পোশাক ছিঁড়ে ফেলে তারা। পরে ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে তিন তলার ছাদ থেকে ফেলে দেয় তারা। গভীর রাতে নারীকণ্ঠের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে মদনপুর এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় কিশোরীর এক পা, এক হাতের হাড় ভেঙ্গে যাওয়ায় এবং মাথায় আঘাত থাকায় সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূঁইয়া জানান, ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টার ঘটনায় ভিকটিমের বড় বোন বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।