সভায় সাংবাদিক গোলাম সরওয়ারকে অপহরণের ঘটনায় একটি গণতদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়া অপহরণের শিকার হয়ে নির্যাতিত সাংবাদিক সরওয়ারকে আইনি সহায়তা দিতে তিন সদস্যের আইনজীবী প্যানেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে স্মারকলিপি দিবে সিইউজে। পাশাপাশি জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে শিগগিরই সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাহী কমিটি।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী বলেন, কেবল সংবাদ প্রকাশের কারণেই যে গোলাম সরওয়ারকে অপহরণ করা হয়েছিল তা সুস্পষ্ট। আইনশৃঙ্খলা রক্ষায় রাষ্ট্রের এত প্রতিষ্ঠান, সংস্থা থাকার পরেও একজন সাংবাদিককে অপহরণ করে নিয়ে যাওয়া হতাশাজনক। গোলাম সরওয়ারকে অপহরণের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক আইনশৃঙ্খলা বাহিনীকে তা চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বৈঠকে সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সহসভাপতি অনিন্দ্য টিটো, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক সবুর শুভ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের ইউনিট প্রধান স ম ইব্রাহিম, প্রতিনিধি ইউনিটের প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিটের প্রধান মাসুদুল হক, দৈনিক পূর্বকোণ ইউনিটের ডেপুটি চিফ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।