বন্ধুর জন্মদিনে গিয়ে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

বরিশালবন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে দ্বীপ ঘোষ (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটার পর ৯টা ২০মিনিটে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।

নিখোঁজ দ্বীপ নগরীর আমানতগঞ্জ এলাকার মিন্টু ঘোষের ছেলে।

দ্বীপের বন্ধু মো. রিয়াদ জানান, জন্মদিন পালন করতে তারা ট্রলার ভাড়া করে। সন্ধ্যায় ঘটনাস্থলে কেক কাটার পর সবাই উল্লাসে মেতে ওঠে। এ সময় দ্বীপ নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা দুই জন নদীতে লাফিয়ে পড়ি। কিন্তু দ্বীপের সন্ধান মেলেনি। বেশ কিছুক্ষণ খোঁজ করা হয়। দ্বীপ সাঁতার জানাতো না।

উদ্ধার অভিযানে যাওয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ট্রলার থেকে দ্বীপ নদীতে পড়ে যাওয়ার বিষয়টি জানার পর দমকল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু ঘটনাস্থলে গভীরতা বেশি এবং স্রোতের চাপ থাকায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। মঙ্গলবার সকালে ফের উদ্ধার অভিযান চালানো হবে বলে জানান তিনি।