টিসিবির পণ্য সরানোর অভিযোগে ডিলার আটক

123543624_701837937422779_3347104707490673323_n

সাধারণ মানুষের জন্য সরকার কর্তৃক ভর্তুকি দেওয়া কম মূল্যের টিসিবি পণ্য নিয়ে প্রতারণার দায়ে সাতক্ষীরায় টিসিবি ডিলার সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জনগণের কাছে বিক্রির নির্ধারিত পরিমান পেঁয়াজ, চিনি, তেলসহ বিভিন্ন মালামাল বাইরে বিক্রির অভিযোগ ছিল টিসিবি ডিলার আয়ুব এন্টারপ্রাইজের মালিক সিরাজুল ইসলামের বিরুদ্ধে। সেই খবরের ভিত্তিতে বুধবার ভোরে পুলিশ স্পটে অবস্থান নেয় এবং প্রথমে কী পরিমান মালামাল থাকার কথা সেই তালিকা নেয় এবং আছে কী পরিমান তা চেক করে ডিলারের বিশাল প্রতারণা বলে চিহ্নিত করে পুলিশ। বরাদ্দপত্র ও স্পটে নিয়ে আসা পণ্যে বিস্তর ফারাক দেখে পুলিশ ও উপস্থিত ভোক্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন জানান, শতশত মানুষের উপস্থিতিতে সিরাজুল ইসলামের ট্রাকে অভিযান চালিয়ে দেখা যায় তার আজকের বিক্রির জন্য বরাদ্দকৃত তালিকায় ছিল চিনি ৩০০ কেজি কিন্তু পাওয়া যায় মাত্র ১৯৪ কেজি। মসুরের ডাল তালিকায় ছিল ৭০০ কেজি, স্পটে দেখা যায় ২০২ কেজি। এভাবে পেঁয়াজ ও সয়াবিন তেলও পরিমাণে কম পাওয়া গেছে।

অভিযুক্ত ডিলার সিরাজুল ইসলাম জানান, আসার পথে জেলা নাজিরকে কিছু মালামাল দিয়ে আসি। ফলে নির্ধারিত থেকে কম দেখাচ্ছে।

এ ব্যাপারে জেলা প্রশাসন কার্যালয়ের নাজির মো. শাহাবুদ্দিন জানান, সিরাজুল ইসলামকে তিনি চেনেন। কিন্তু টিসিবির মালামাল নেওয়ার বিষয়টি মিথ্যা।