সুনামগঞ্জের ধর্মপাশায় মোটরসাইকেল দুর্ঘটনায় তারা বানু (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের সামনে ধর্মপাশা-মধ্যনগর সড়কে এই ঘটনা ঘটে। নিহত তারা বানু উপজেলার চামরদানী ইউনিয়নের আমজুড়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
জানা যায়, তারা বানু দীর্ঘ বছর ধরে বেখইজোড়া গ্রামে তার ভাতিজার সঙ্গে বসবাস করে আসছেন। আজ দুপুর ১টার দিকে তারা বানু বেখইজোড়া গ্রামের সামনে ধর্মপাশা-মধ্যনগরে সড়কের পাশে অবস্থিত যাত্রী ছাউনির পাশে পায়চারী করছিলেন। সড়ক পারাপারের সময় মধ্যনগর থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরই মোটরসাইকেল চালক সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তারা বানুকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ধর্মপাশা থানার ওসি মো. দেলোয়ার হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।