মঙ্গলবার গলাচিপার হরিদেবপুর থেকে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজিব ও রবিউল নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। দুই আসামির বাড়ি একই ইউনিয়নের মৌকরন কাচারীঘাট এলাকায়। এ ঘটনায় আরও দুজন জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
খুন হওয়া অটোরিকশা চালকের নাম আনোয়ার হোসেন হাওলাদার।তার বাড়ি সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের পার কার্তিকপাশা গ্রামে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর দুমকির মুন্সিরহাট এলাকায় অটোরিকশা নিয়ে অবস্থান করছিলেন চালক আনোয়ার হাওলাদার। রাত ৯টায় মৌকরন এলাকা থেকে যাত্রী নেওয়ার জন্য মোবাইল ফোনে কল আসে। সেখানে যাওয়ার পর থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন হোসেন হাওলাদার।
স্থানীয়রা আরও জানান, ছিনতাই ও হত্যা চক্রের দুই সদস্য রাজিব ও রবিউল মঙ্গলবার সকালে গলাচিপার হরিদেবপুর খেয়াঘাট এলাকায় ছিনতাই হওয়া অটোরিকশা বিক্রি করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। অটোরিকশার গায়ে থাকা মোবাইল নম্বরে কল দিয়ে তারা জানতে পারেন সেটি ছিনতাই হয়েছে। পরে স্থানীয়রা ছিনতাইকারীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ আটক দুজনকে নিয়ে দিনভর অভিযান চালালেও বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ায় চালকের সন্ধান পায়নি পুলিশ। ৪ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে পাঙ্গাশিয়ার তেতুলবাড়িয়া রাস্তার পাশে ধানক্ষেতে মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ও নিহতের স্বজনরা এসে লাশ শনাক্ত করেন।
ওসি জানান, লাশের সুরাতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।