ঘুমধুম সীমান্তে দুই লাখ ইয়াবাসহ আটক ৬

Cox-BGB pic-01

কক্সবাজার জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে দুই লাখ পিস ইয়াবাসহ ৫ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় একজন বাঙালিকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী আমবাগান এলাকায় এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবি।

আটকরা হলো উখিয়ার কুতুপালং লম্বাশিয়া-১ ব্লক-এ রোহিঙ্গা ক্যাম্পের ফকির আহমদের ছেলে মো. রহমত উল্লাহ (২৫), মো. নুর আহমদের মো. মাহমুদুল হাসান (২১), আব্দুল আলিমের ছেলে মো. সেলিম (২২), সোনা আলীর ছেলে মো. আমিন (২২), আলী হোসেনের ছেলে মো. জিয়াবুল হক (২৬) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাইংখালী গ্রামের মীর আহমদের ছেলে মো. জয়নাল আবেদীন (২৫)।

কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী বিওপির সদস্যরা বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপির রেজুআমতলী আমবাগান নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরে সকাল আনুমানিক সাাড়ে ৮টার দিকে সীমান্ত থেকে ৬ জন লোককে বাংলাদেশের দিকে আসতে দেখে বিওপির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধরে শরীর তল্লাশি করে কোমরে লুঙ্গি ও গামছায় মোড়ানো অবস্থায় আনুমানিক দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য ছয় কোটি টাকা। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।