কামড়ে বৃদ্ধের মৃত্যু, বন্য শূকরকে পিটিয়ে মারলো স্থানীয়রা

পিটিয়ে মারা শুকরবরগুনা সদর উপজেলার ক্রোক এলাকায় বন্য শূকরের হামলায় আবদুল মান্নান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা শূকরটিকে পিটিয়ে হত্যা করে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরের দিকে সদর ইউনিয়নের গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মান্নান ঢলুয়া এলাকার বাসিন্দা। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, আবদুল মান্নান শাপলা তোলার জন্য বিলে গিয়েছিলেন। হঠাৎ বন্য শূকর তার ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল গিয়ে শূকরটিকে তাড়া করে। পরে তারা ওই বৃদ্ধকে উদ্ধার করে পাশের রাস্তায় নিয়ে আসেন। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী বজলুর রহমান বলেন, আমি মাঠে কাজ করছিলাম, হঠাৎ চিৎকার শুনে কয়েকজনকে নিয়ে লাঠিসোঁটাসহ গিয়ে দেখতে পাই শূকরের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছেন মান্নান। এ সময় তাকে উদ্ধার করি ও শূকরটিকে তাড়িয়ে দেই। পরে এলাকাবাসী শূকরটিকে পিটিয়ে হত্যা করে।

নিহত মান্নানের ছেলে বাদল বলেন, বাবা একজন কৃষক। তিনি সম্প্রতি শাকসবজি কুড়িয়ে বাজারে বিক্রি করতেন। প্রতিদিনের মতো সকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর লোকজনের কাছে জানতে পারি শূকরের হামলায় তিনি মারা গেছেন।

যোগাযোগ করা হলে বন বিভাগ বরগুনা রেঞ্জের বিট কর্মকর্তা মতিউর রহমান বলেন, বন বিভাগ শূকর ধরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

বরগুনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, শূকরের হামলায় এক ব্যক্তি মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।