বাংলাদেশ এখন দাতা দেশে পরিণত হয়েছে: পরিবেশ মন্ত্রী

পরিবেশমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ক্ষেত্রে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, দেশ স্বাবলম্বী হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, ‘আগে দেশের পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং জনগণের প্রয়োজন মেটাতে উন্নত দেশের সহায়তা প্রয়োজন হতো। কিন্তু এখন বাংলাদেশ অন্য দেশের দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার সামর্থ অর্জন করেছে, বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে। বাংলাদেশ এখন দাতা দেশে পরিণত হয়েছে।’

শুক্রবার (৬ নভেম্বর) বিকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মৌলভীবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এক কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর, গেট, গভীর নলকূপ, ড্রেন ও অভ্যন্তরীণ রাস্তাসহ চার তলা ভিতবিশিষ্ট দুই তলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি নির্মাণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম পাঠান, পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দীন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দীন।