মাদারীপুরে দুই তরুণের অন্যরকম কৃষি উদ্যোগ (ভিডিও)




চার তরুণের উদ্যোগমাদারীপুর শহরের পুরানবাজার এলাকার হার্ডওয়ার ও স্যানিটারি সামগ্রী ব্যবসায়ী শাহ আলম ও রিন্টু হাওলাদার। তরুণ ব্যবসায়ী হিসেবে তারা সাফল্যের মুখ দেখেছেন। কৃষিকাজে নেমেও সফল হওয়ার পথে দুই তরুণ।

জেলা শহরের প্রায় ৮ একর জমিতে দুই ব্যবসায়ী গড়ে তুলেছেন একটি খামার। কৃষির প্রতি ভালোবাসা থেকেই এই প্রচেষ্টা।

খামারে শাক-সবজির মধ্যে আছে বেগুন, টমেটো, লাউ, কুমড়া, ঢেঁড়শ, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, পুঁই শাক। ফল-ফলাদির মধ্যে রয়েছে পেঁপে, পেয়ারা, আম, মাল্টা, লেবু।

তিনটি পুকুরে চাষ হচ্ছে রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন জাতের মাছ। খামারের খোলা জায়গায় ছাগল পালন করা হয়। পুরো খামার রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত আছে চারজন শ্রমিক।

 

শাহ আলম ও রিন্টু বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এখন আয় কম হলেও খামারের ফসলাদি পূর্ণতা পেলে লাভবান হওয়ার আশা আছে আমাদের।’

বিভিন্ন এলাকার আগ্রহী তরুণ উদ্যোক্তারা কৃষি খামারটি দেখতে আসেন। ফল ও ফসলের পূর্ণতা দেখে স্থানীয়দের মধ্যে চাষাবাদের কৌশল সম্পর্কে জানার আগ্রহ জন্মে। শাহ আলম ও রিন্টু নিজেদের অর্জিত অভিজ্ঞতা অন্যদের কাছে তুলে ধরেন।

দুই উদ্যোক্তা মনে করেন, ‘তরুণরা কৃষি খামারে উদ্বুদ্ধ হলে বেকার সমস্যার সমাধান হতে পারে। নিজে উপার্জন করতে পারলে হতাশা আঁকড়ে ধরে না। কৃষি কাজে ধৈর্য ধরে একটু সময় নিয়ে ফল আশা করলে লাভবান হওয়া যায়।’