কুড়িগ্রামে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা

কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভৌমিকের ওপর হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের একদল দুর্বৃত্ত। এসময় তার ব্যবসা প্রতিষ্ঠান বর্ণমালা প্রিন্টিং প্রেসসহ আরও দুটি পত্রিকা অফিসে হামলা চালায় তারা। সোমবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

শ্যামল ভৌমিক সম্মিলিত সাংস্কৃতিক জোটের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ও গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সমন্বয়ক এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

জানা গেছে, সোমবার বেলা ৩টার দিকে কুড়িগ্রাম জেলা আওয়ামী লী‌গের সংস্কৃ‌তি বিষয়ক সম্পাদক ও  জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটায়। এ সময় তারা সাংবাদিক শ্যামলের ব্যবসা প্রতিষ্ঠান বর্ণমালা প্রিন্টিং প্রেসেও হামলা চালিয়ে কাগজপত্রসহ বিভিন্ন জিনিস তছনছ করে। এসময় পাশে থাকা কুড়িগ্রাম খবরের অফিস ও চারিদিকে প্রতিদিন অফিসের সাটারেও হামলা করে সন্ত্রাসীরা।

সাংবাদিক শ্যামল ভৌমিক জানান, গত রবিবার কুড়িগ্রাম প্রেসক্লাবে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত সৈয়দ শামসুল হকের জন্মদিনের অনুষ্ঠা‌নে  জো‌টের সদস্য ও কবি ইমতে আহসান শিলু তার বক্তব্যে সম্প্রতি দেশব্যাপী শিল্পকলা একাডেমির মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনের বিষয়ে কথা বলেন। তিনি সেসময় অভিযোগ করেন, কুড়িগ্রামে ওই চলচ্চিত্র প্রদর্শনীর সময় দর্শক উপস্থিতি ছিল খুবই নগণ্য এবং অব্যবস্থাপনার ভরা। এ বক্তব্যের পর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু ক্ষিপ্ত হয়ে এ ঘটনার জন্য শ্যামল ভৌমিককে দায়ী করেন এবং তাকে মোবাইল ফোনে কল দিয়ে গালিগালাজ করেন। বিষয়টি নিয়ে শ্যামল ভৌ‌মিক তাকে মুখোমুখি কথা বলার আহ্বান জানালে তিনি শ্যামলকে দেখে নেওয়ার হুমকি দেন। এরই কিছু সময় পর রা‌শেদুজ্জামান বাবু তার ছোট ভাই বনিসহ বেশ কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে শহীদ মিনার এলাকার ইউএ প্লাজায় শ্যামল ভৌ‌মি‌কের প্রেস ও অফিসে অতর্কিতে হামলা চালান।

এদিকে সাংবাদিক শ্যামল ভৌমি‌কের ওপর হামলার ঘটনায় কুড়িগ্রাম প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন, প্রচ্ছদ কুড়িগ্রাম, উদীচী, সাম্প্রতিক কুড়িগ্রাম, ঘাতক দালাল নির্মূল কমিটি, কুসাক্রী সংসদ, চেতনা, তাছাদ্দুক হোসেন স্মৃতি ফাউন্ডেশন, ঐতিহ্য কুড়িগ্রাম, পরম্পরা কুড়িগ্রামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিন্দা জানিয়েছে।

 /টিএন/