নিহতরা হলেন– সুভাষ তনচংগ্যা (৪৫) ও ধনঞ্জয় তনচংগ্যা (৩২)।
ওসি জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা ধনঞ্জয় তনচংগ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে নিয়ে তাকে ও সুভাষকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। নিহত সুভাষের দুটি এবং ধনঞ্জয় তনচংগ্যার শরীরে পাঁচটি গুলির দাগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা আঞ্চলিক দল সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছেন। এ বিষয়ে কথা বলার জন্য বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি।
এদিকে বুধবার সকালে কাপ্তাই থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি হাসপাতালে পাঠিয়েছেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার জানান, পাহাড়ের প্রতিপক্ষ অস্ত্রধারী সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারে এই হামলা করছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।