কুমিল্লার বরুড়ায় চাঁদা আদায়ে বাধা দেওয়ায় সাদ্দাম হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড ও অপর দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক রোজিনা খান এই রায় দেন।
এসময় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামির নাম মাছুম মিয়া। তাকে আরও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হালিম মিয়া ও অহিদ মিয়াকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়েও আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজাপ্রাপ্ত তিন আসামিই পলাতক।
আসামিদের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাছুম মিয়া কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মেড্ডা গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হালিম মিয়া একই গ্রামের মৃত মইফুল মিয়ার ছেলে এবং অহিদ মিয়া বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ছোট বারেরা গ্রামের শহীদ মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়,২০১৩ সালের ৩১ ডিসেম্বর বরুড়া উপজেলার ঝলম উত্তর বাজার এলাকায় আসামিরা চাঁদা আদায় করতে আসলে সাদ্দাম হোসেন বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে সাদ্দামকে দেখে নেওয়ার হুমকি দেয় তারা। এরপর সাদ্দাম বাজার থেকে কানাইল এলাকায় নিজ বাড়িতে যাওয়ার আসামিরা মোটরসাইকেল যোগে এসে পথরোধ করে তাকে আটক করে। মাছুম পিস্তল দিয়ে সাদ্দামকে গুলি করে। এরপর ঘাতকরা মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়।
সাদ্দামকে হত্যার ঘটনায় তার বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে ঘাতক মাছুমসহ তিনজনকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন।