শিশুর পায়ুপথে লাঠি দেওয়ার অভিযোগে আনসার সদস্য আটক

চট্টগ্রাম

এক শিশুর পেছন দিয়ে লাঠি ঢুকিয়ে নির্যাতনের অভিযোগে রুবেল সর্দার নামে একজন আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে। এরআগে, দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানার পাথরঘাটা গঙ্গাবাড়ি মাঠে এই ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ওই মাঠে শিশুরা খেলতে গেলে মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে রুবেল সর্দার ভিকটিম শিশুকে ধরে তার পায়ুপথে লাঠি ঢুকিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেন। বর্তমানে শিশুটি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ সর্ম্পকে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানিয়েছেন, আনসার সদস্য রুবেল সর্দার শিশুটিকে নির্যাতন করেছেন। এই ঘটনায় রুবেল সর্দারকে আটক করা হয়েছে। কেন, কী কারণে রুবেল সর্দার শিশুটিকে নির্যাতন করেছেন এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হলে আমরা তার সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।'