গাজীপুরে মসজিদের টয়লেট থেকে শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুর

গাজীপুরে একটি মসজিদের টয়লেটের ভেতর থেকে এক ধানকাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর কারণ জানতে মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম আব্দুল খালেক (৪৫)। বৃহম্পতিবার (১২ নভেম্বর) বিকেলে লোহাকৈর কেন্দ্রীয় জামে মসজিদের টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

আব্দুল খালেক টাঙ্গাইল জেলা সদর থানার পুকুরিয়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার জানান, বুধবার টাঙ্গাইল থেকে গাজীপুরের কাশিমপুর থানার লোহাকৈর এলাকায় ১৭/১৮জন শ্রমিক দলবেঁধে ধান কাটার জন্য আসে। তারা সবাই ওই এলাকার স্থানীয় এসএ কলেজে অবস্থান নেয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আব্দুল খালেক কলেজের বাইরে যায়। ঘণ্টা দু’য়েক পরও সে ফিরে না আসায় তার সাথে আসা সহকর্মীরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। তারা মোবাইলেও ফোন করে তার কোনও সাড়া পায়নি। বিকেলে পার্শ্ববর্তী লোহাকৈর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মসজিদ পরিষ্কারের কাজ করার সময় টয়লেটের ভেতর মোবাইল ফোনের রিং টোন বাজতে শোনেন। এসময় টয়লেটের দরজাটি ভেতর থেকে আটকানো ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে খালেকের লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে টয়লেটের ভেতর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটকে) তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।