মাস্ক না পরায় ৮ দিনে ১৭১ মামলা, ১১৮ জনকে কারাদণ্ড

খুলনায় জনগণের মধ্যে মাস্ক ব্যবহার সচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

করোনাভাইরাস সংক্রমণ রোধে সাধারণ জনগণের মধ্যে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে খুলনা জেলা প্রশাসন। মাস্ক ব্যবহার না করলে জেল জরিমানা করা হচ্ছে। গত ৮ নভেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসন এ জেল জরিমানা শুরু করেছে। এ পর্যন্ত গত ৮ দিনের অভিযানে ১৭১টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ১১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৬৯,১৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।   

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি হিসেবে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

ময়লাপোতা এলাকার বাসিন্দা সোবহান মিয়া বলেন, সাধারণ মানুষ  আগের মতো এখন আর মাস্ক ব্যবহার করে না। প্রশাসনের কঠোর পদক্ষেপের কারণে মাস্ক ব্যবহারে সাধারণ মানুষের গড়িমসিভাব কিছুটা কেটেছে।

খুলনায় জনগণের মধ্যে মাস্ক ব্যবহার সচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সোহেলী বেগম বলেন, সাধারণ জনগণের মধ্যে মাস্ক ব্যবহারে গড়িমসিভাব এখনও বিরাজ করছে। প্রশাসনের কঠোরতার পাশাপাশি জনগণকেও সচেতন হওয়া প্রয়োজন।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, গত ৮ নভেম্বর থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা শুরু করা হয়। ১৫ নভেম্বর  পর্যন্ত ১৭১টি মামলা ও ১১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৬৯,১৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অভিযান আরও বেগবান করা হবে।

খুলনার অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মো. ইউসুপ আলী বলেন, গত ১৫ নভেম্বর মহানগরীর ডাকবাংলা, শিববাড়ি মোড়, নিউমার্কেট, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বয়রা বাজার, বৈকালি এবং নতুন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এবং মো. তাহমিদুল ইসলাম। এছাড়া জেলার দাকোপ, দিঘলিয়া ও পাইকগাছা উপজেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাস্ক সাথে না থাকায় ১৭ জনকে আটক এবং মাস্ক পরিধান না করায় ২৯ জনকে ১৬ হাজার ১০০ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানকালে দরিদ্র্য মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এ জরিমানা করা হয়।

তিনি বলেন, সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ৮ নভেম্বর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন কঠোর অবস্থা গ্রহণ করে।

উল্লেখ্য, অভিযানের ধারাবাহিকতায় ১২ নভেম্বর মহানগরীর ডাকবাংলা, শিববাড়ি মোড়, নিউমার্কেট, ফুলবাড়ি গেট ও শিরোমনি এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এবং মো. তাহমিদুল ইসলাম। এ সময় মাস্ক সঙ্গে না থাকায় ৬ জনকে আটক এবং মাস্ক পরিধান না করার দায়ে ১৬ জনকে ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। ১১ নভেম্বর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকার এবং নূরী তাসমিন ঊর্মি। এছাড়াও বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) গণমোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাস্ক সাথে না থাকায় ২৯ জনকে আটক এবং মাস্ক পরিধান না করার দায়ে ৩৭ জনকে ১১ হাজার ৭০০ টাকা টাকা অর্থদণ্ড করা হয়।