টঙ্গী থেকে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য আটক

টঙ্গী থেকে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য আটক।

গাজীপুরের টঙ্গী থেকে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়। রবিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এর সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদে জানতে পারি সঙ্ঘবদ্ধ একদল ডাকাত আরিচপুর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। সঙ্গে র‌্যাবের একটি দল অভিযানে যায় এবং ওই এলাকার নতুন বাজার রেল গেইট এলাকার (শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর) নীচ থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলো টঙ্গীর আমতলী এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে মোহাম্মদ আলী (২৭), জামালপুরের বকসীগঞ্জ উপজেলার গলাকাঠি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মাসুদ (২৫), নরসিংদীর রায়পুরা উপজেলার কাচারীকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২২) এবং শেরপুরের নকলা উপজেলার কলাপাড়া গ্রামের মৃত গাজী সুলতানের ছেলে মিজানুর রহমান (২০)। আটককৃতরা টঙ্গীর বিভিন্ন এলাকায় ভাড়া থেকে ডাকাতি করতো। 

র‌্যাব কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গাজীপুরসহ আশপাশে বিভিন্ন এলাকায় তারা পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুট করতো।