মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন মোল্লা হত্যা মামলায় খুলনা সদর দলিল লেখক সমিতির সভাপতি ও ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য সাবেক সাধারণ সম্পাদক খন্দকার বাহাউদ্দিনসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে সিআইডি মেট্রো ও জেলা অফিসের কর্মকর্তারা তাদেরকে গ্রেফতার করে। অপর দুজন হচ্ছে সোহরাব মোল্লা ও মিরাজ শেখ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর শেখ শাহাজাহান বলেন, গ্রেফতারকৃতদের মুখ্য মহানগর হাকিমের আদালতে সোমবার (১৬ নভেম্বর) হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। মামলার মূল নথি ঢাকার জজ কোর্টে থাকায় এখনও রিমান্ড আবেদনের শুনানি হয়নি।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ জুন মুক্তিযোদ্ধা ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহাদাত মোল্লা নিহত হন। এ ঘটনায় নিহতের জ্যেষ্ঠ সন্তান আল মামুন বাদী হয়ে হরিণটানা থানায় মামলা দায়ের করেন।