মাস্ক ব্যবহারে জনসচেতনতা সৃষ্টিতে বিএমপি’র র‌্যালি

বরিশালে মেট্রোপলিটন পুলিশের সচেতনতামূলক র‌্যালি।

করোনার দ্বিতীয় দফা প্রকোপ ঠেকাতে মাস্ক ব্যবহারে জনসচেতনতা সৃষ্টিতে বিশাল র‌্যালি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এ সময় জনসাধারণের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ কমিশনার।

মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে ‘আসুন সকলে মাস্ক পড়ি, একে অপরকে সুরক্ষিত রাখি’, ‘মাস্ক ব্যবহার করুন, নিজেকে বাঁচুন, অন্যকে বাঁচান’, ‘মাস্ক পড়ুন, সুস্থ থাকুন’সহ বিভিন্ন শ্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

র‌্যালিটি সদর রোড ও জেলখানা মোড় প্রদক্ষিণ শেষে টাউন হলের সামনে এসে শেষ হয়।  পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান, অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন এবং কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলামসহ অন্যান্যরা।

পুলিশ কমিশনার বলেন, করোনার প্রকোপ ঠেকাতে শুরু থেকেই পুলিশ ফ্রন্ট ফাইটার হিসেবে কাজ করছে। শীত প্রধান দেশগুলোতে করোনার প্রকোপ বেশ বৃদ্ধি পেয়েছে। যেটাকে করোনার দ্বিতীয় ঢেউ বলা হচ্ছে। দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ বাংলাদেশেও দেখা দিতে পারে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সবাইকে আগেই সতর্ক এবং সচেতন করেছেন। এ বিষয়টি জনগণকে অবহিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা দরকার। এরই অংশ হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ করোনার দ্বিতীয় দফা প্রকোপ ঠেকাতে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে।

সমাবেশ শেষে পথচারী ও দোকানিদের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক লিফলেট এবং বিভিন্ন যানবাহনে স্টিকার সাঁটিয়ে দেন পুলিশ কর্মকর্তারা।