নিজ বাড়ি থেকে গৃহকর্তার বস্তাবন্দি লাশ উদ্ধার

পটুয়াখালীপটুয়াখালীর দশমিনার বাঁশবাড়িয়া থেকে মো. নজরুল আলম হাওলাদার নাসরুল (৪৫) নামে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান নিশ্চিত করেন।

নাসরুল বাঁশবাড়িয়া গ্রামের ফজলুল হক হওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাসরুলের বসতঘরের পাশে ছাগলের ঘর থেকে জবাই করা বস্তাবন্দি লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি কিছুদিন আগে জমি বিক্রি করেন। সেই টাকাপয়সা নিয়ে ছেলে এবং স্ত্রীর সঙ্গে মনমালিন্য চলছিল। ঘটনার পর থেকে তার স্ত্রী ও ছেলে পালাতক রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, জমি বিক্রির টাকা নিয়ে তাদের পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। সেটি নিয়ে এ হত্যাকাণ্ড হতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, একটি জমি বিক্রি নিয়ে ছেলের সঙ্গে বিবাদ ছিল নাসরুলের। তবে এ কারণেই যে তিনি খুন হয়েছেন সেটি নিশ্চিত না।