কারখানার শ্রমিকরা জানান, ফ্লাওয়ার মিলের তৃতীয় তলায় মেশিনে কাজ করতে গিয়ে দুপুর ১২টার দিকে দুই শ্রমিক রাজু ও অন্তু পড়ে যায়। দুপুর ২টার দিকে মেশিনের পাইপ কেটে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে অচেতন অবস্থায় সদরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফা জানান, মৃত অবস্থায় দুই জনকে আনা হলে ইসিজি পরীক্ষা করানোর পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে তারা কোনও দুর্ঘটনার শিকার হয়েছে কিনা সে বিষয়ে স্বজনরা কিছু বলেনি।
এ বিষয়ে আকিজ ফ্লাওয়ার মিলের জিএমসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার মোবাইলফোনে যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।
বন্দর থানার ওসি ফখরুদ্দিন জানান, আকিজ ফ্লাওয়ার মিলে কাজ করার সময় পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে মেশিনের পাইপের ভেতরে অক্সিজেনের অভাবে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের কোনও স্বজন এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেনি।