বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দিনাজপুরে আ.লীগের মানববন্ধন

দিনাজপুর প্রেস ক্লাবের সামনে শহর আওয়ামী লীগের মানববন্ধনকুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে শহর আওয়ামী লীগ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন– শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সহ-সভাপতি আশীষ কুমার ব্যানার্জি বাপ্পি, সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জেমী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির চেতনা। বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক। স্বাধীনতাবিরোধীরা বাঙালির এই চেতনাকে আবারও আঘাত করার ষড়যন্ত্র করছে। ধর্মীয় অনুভূতির কথা বলে মিথ্যা ও মনগড়া ফতোয়া জারি করে এ দেশকে আবারও পাকিস্তান বানাতে চায়। এই ষড়যন্ত্রকে কঠোরভাবে দমন করে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে হবে।

এ সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সব ষড়যন্ত্রকে নসাৎ করার ঘোষণাও দেওয়া হয়।