রাজশাহীতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন পেপার বিক্রেতা খুকিসহ ৮ জন

130804322_203259998015188_3511722664313149868_n

 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে জয়িতা অন্বেষণ বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকালে রাজশাহী মানবসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় মহানগর পর্যায়ে ৫টি ক্যাটাগরিতে পেপার বিক্রেতা খুকিসহ ৮ জন নারীকে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়।

রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে অনুষ্ঠানে রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. তানজিমা জোহরা হাবিব, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেণী, মহিলা বিষয়ক অধিদফতর উপপরিচালক শবনম শিরিন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম মর্জিনা পারভিন। এসময় তারা অনুপ্রেরণামূলক বক্তব্যে উপস্থাপন করেন।

শ্রেষ্ঠ জয়িতারা হলেন- জেলা ও মহানগর পর্যায়ে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা নারী পেপার বিক্রেতা জোহরা দিল আফরোজ খুকি, জেলা ও মহানগর পর্যায়ে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ড. হোসনে আরা আরজু, মহানগর পর্যায়ে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী নিলুফা ইয়াসমিন, সফল জননী নারী কানন রায়, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী শাহীনা লাইজু। জেলা পর্যায়ে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী নিলুফা ইয়াসমিন, সফল জননী নারী নুরুন্নাহার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় লক্ষী মারডিকে জয়িতা সম্মাননায় ভূষিত করা হয়েছে।

পেপার বিক্রেতা জোহরা দিল আফরোজ খুকি প্রধানমন্ত্রী ও ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’- এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'জয়িতা পুরস্কার পেয়ে ভাল লাগছে। জেলা প্রশাসকের বক্তব্যে জেনেছি প্রধানমন্ত্রী আমার খোঁজ নিয়েছেন। এটা আমার জীবনে সবচেয়ে বেশি আনন্দের বিষয়। আমার মতো নারীদের পাশে রাষ্ট্র এভাবে দাঁড়ালে আমরা অবহেলিত পিছিয়ে পড়া নারী হিসেবে নয়, সমাজে সফল নারী হিসেবে এগিয়ে যাব।'