মাজারের টাকা তুলতে গিয়ে গাড়ি চাপায় শিশু নিহত

মাজারের টাকা ওঠানোর সময় প্রাইভেট কার চাপায় মো. জিশান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ভাইয়ারদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়িতে কর্মরত এএসআই মো. মাহবুব এ তথ্য জানিয়েছেন। ঘাতক প্রাইভেট কারটির শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

মৃত মো. জিশান পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর গ্রামের মো. ফারুকের ছেলে।

মো. মাহবুব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিশানসহ আরও কয়েকজন ভাইয়ারদিঘীর পাড় এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে মাজারের জন্য টাকা তুলছিলেন। বিকেল ৩টার দিকে দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি।’

তিনি আরও বলেন, সেখানে গিয়ে জিশানের সঙ্গে থাকা কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাই ঘাতক প্রাইভেটকারটির বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।’

এ ঘটনায় মাজার কর্তৃপক্ষের বিচার দাবি করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা বলেন, একটি ছোট শিশুকে দিয়ে মাজারের টাকা তোলা কোনোভাবে ঠিক হয়নি। এটি এক ধরনের অপরাধ। এ ঘটনায় আমরা মাজার কর্তৃপক্ষের বিচার দাবি করছি। তাদের কারণেই আজ জিশান নামের শিশুটি সড়ক দুর্ঘটনায় মারা গেলো।

জিশানের বাবা ফারুক সাংবাদিকদের জানিয়েছেন, ‘জিশানকে যখন প্রাইভেটকার চাপা দেয় তখন সেখানে তার সঙ্গে মাজার কর্তৃপক্ষের লোক ছিল। কিন্তু তারা কেউ জিশানের লাশ উদ্ধারে এগিয়ে আসেনি। উল্টো দুর্ঘটনার পরপরই জিশানের মরদেহ ফেলে তারা টাকা নিয়ে সেখান দ্রুত পালিয়ে যায়। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।