বাঘারপাড়ার চেয়ারম্যান নৌকার ভিক্টোরিয়া

ভিক্টোরিয়াযশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভিক্টোরিয়া পারভীন সাথী জয়লাভ করেছেন। তিনি প্রয়াত চেয়ারম্যান কাজলের স্ত্রী।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে সহকারী রিটার্নিং অফিসার মেহেদি হাসান জানান, নৌকা প্রতীকের সাথী পেয়েছেন এক লাখ এক হাজার ৭৯৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের শামছুর রহমান পেয়েছেন দুই হাজার ৩৩২ এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিলু পাটোয়ারী পেয়েছেন এক হাজার ৭৭৫ ভোট।

দিলু পাটোয়ারী ভোটের আগের রাতে নির্বাচন বর্জন করেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রের ব্যালট কাটা হচ্ছে, সে কারণে তিনি বাঘারপাড়াবাসীর সঙ্গে নিজেও ভোট বর্জন করেছেন।

অন্যদিকে, বিএনপি প্রার্থী শামছুর রহমান ভোটের দিন সকাল ৯টার পরপরই নির্বাচন বয়কট করেন। তার অভিযোগ, কোনও কেন্দ্রে ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সব কেন্দ্র দখল করে নেওয়া হয়েছে।

একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের সমন্বয়ে বাঘারপাড়া উপজেলায় মোট ভোটার এক লাখ ৭৩ হাজার ৭৭৯ জন। মোট ভোটকেন্দ্র ৬৩টি।