স্বাস্থ্য সহকারীদের লাগাতার ধর্মঘটের মধ্যেও আগামী ১২ ডিসেম্বর থেকে সারা দেশে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম। তবে স্বাস্থ্য সহকারীরা ধর্মঘট প্রত্যাহার না করলে বিকল্প ব্যবস্থায় এই টিকাদান কার্যক্রম চলানো হবে বলে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বরিশালের সিভিল সার্জন। ৯ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের এই টিকা দেওয়া হবে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন। তিনি আরও বলেন, ধর্মঘটে যাওয়া স্বাস্থ্য সহকারীদের সাথে আলোচনা চলছে। ১২ ডিসেম্বরের আগে স্বাস্থ্য সহকারীরা তাদের ধর্মঘট প্রত্যাহার না করলে বিকল্প ব্যবস্থায় এবার হাম-রুবেলার টিকা দেওয়ার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
জানা গেছে, স্বাস্থ্য সহকারীদের বিকল্প হিসেবে কমিউনিটি ক্লিনিক হেলথ প্রোভাইডার ও পরিবার কল্যাণ সহকারী এবং স্টাফ নার্সদের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
১২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই কর্মসূচি চলবে আগামী বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত। বরিশাল জেলার ১০ উপজেলায় ৫ লাখ ৪২ হাজার ৬শ’ ৪৯ জন শিশুকে এক ডোজ এমআর (হাম-রুবেলা) দেওয়া হবে। এজন্য জেলার ৮৭টি ইউনিয়নের ২৬১টি ওয়ার্ডে ৬ হাজার ৮শ’ ৪টি টিকাদান কেন্দ্রে মোট স্বেচ্ছাসেবকের সংখ্যা ২০ হাজার ৪শ’ ১২জন।
প্রসঙ্গত, নিয়োগ বিধি সংশোধন ও বেতন আপগ্রেডেশনের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে সারা দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারী অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। গত ৫ ডিসেম্বর সারা দেশে হাম-রুবেলার টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের ধর্মঘটের কারণে এই কার্যক্রম বিলম্বিত হয়। অবশ্য মূলত এই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল এবছরের ২৯ ফেব্রুয়ারি। তবে ওই সময়ে করোনার প্রকোপ দেখা দেওয়ায় জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে এর কার্যক্রম পেছানো হয়। এরপর করোনা পরিস্থিতির কারণে ১৮ মার্চ হতে ১১ এপ্রিল নতুন ক্যাম্পেইনের প্রস্তাবনা থাকলেও তা আবারও স্থগিত কা হয়। এভাবে এ বছরে মোট ৩ দফা পিছিয়েছে হাম-রুবেলার টিকার কার্যক্রম।