খাস জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ৪০

হবিগঞ্জহবিগঞ্জের লাখাইয়ে খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ওসি সাইদুল ইসলাম।

পুলিশ জানায়, জেলার লাখাই উপজেলার ভরপূর্ণি গ্রামের আব্দুল আজিজ ও আকরাম আলীর সমর্থদের মধ্যে একটি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া আবার সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।