জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলার ৫৯ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জেলা সদরের কর্নেল মালেক মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়। ওই নমুনার ফলাফলে নতুন করে আট জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে জেলা সদরে দুজন, সিঙ্গাইরে তিন জন এবং ঘিওর, দৌলতপুর ও হরিরামপুরে একজন করে রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৯৯ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে এক হাজার ৫৯২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে এবং নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, ‘শীতে জেলায় করোনায় আক্রান্তের হার কিছুটা বেড়েছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে জনসাধারণের অনীহা রয়েছে। মাস্কই করোনা প্রতিরোধের প্রথম হাতিয়ার হলেও গ্রামাঞ্চলে অনেকে তা ব্যবহার করেন না।’ সবাইকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।