দুই সন্তান ও বোনসহ নিখোঁজ গৃহবধূ ময়মনসিংহ থেকে উদ্ধার




কিশোরগঞ্জব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বগইর গ্রাম থেকে দুই শিশু সন্তান ও ছোটবোনকে নিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ রুবিনা আক্তারসহ নিখোঁজ চার জনের সন্ধান মিলেছে। তাদেরকে ময়মনসিংহ থেকে স্টেশন এলাকার এক স্বজনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বলে ওই গৃহবধূর পিতা নিশ্চিত করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রাতে আশুগঞ্জ থানায় আনা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার রুবিনা আক্তার (২৫) নামের ওই গৃহবধূ তার দুই শিশুসন্তান তানহা আক্তার(২), হোসাইন মিয়া(৪) এবং বোন সোনিয়া আক্তারকে (১৪) নিয়ে আশুগঞ্জ বগইর গ্রাম থেকে পাশের সরাইল উপজেলায় শ্বশুরবাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন। গৃহবধূ রুবিনা সরাইল উপজেলার আল আমীন মিয়ার স্ত্রী।

নিখোঁজ হওয়ার পর তার ব্যবহৃত ব্যক্তিগত মুঠোফোনটি বন্ধ থাকায় চিন্তায় পরে যান পরিবারের সদস্যরা। পরে অনেক খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে রুবিনার বাবা হাবিবুর রহমান ওইদিন (বৃহস্পতিবার) রাতে আশুগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত বিষয়ে একটি জিডি করেন।

পরে নিখোঁজের দুই দিনের মাথায় খবর পেয়ে শনিবার ওই গৃহবধূর পিতা হাবিবুর রহমান নিখোঁজ সবাইকে ময়মনসিংহ স্টেশন এলাকায় এক স্বজনের বাড়ি থেকে উদ্ধার করে আশুগঞ্জে নিয়ে আসেন। তবে তারা কেন, কীভাবে ময়মনসিংহ গিয়েছিলেন এ বিষয়ে স্পষ্ট কোনও বক্তব্য পাওয়া যাচ্ছে না।

গৃহবধূর বাবা জানান, তার মেয়ে ময়মনসিংহে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল বলে তাকে জানিয়েছে। পরে তিনি খবর পেয়ে ময়মনসিংহ থেকে তাদের নিয়ে আসেন।

তবে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে ময়মনসিংহ কেন গিয়েছিল? কীভাবে তাদের উদ্ধার করা হলো এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি হাবিবুর রহমান। তিনি আরও জানান, পুলিশের পক্ষ খবর পেয়ে রাতে তিনি তার মেয়েসহ নাতি-নাতনিকে নিয়ে আশুগঞ্জ থানায় আসেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, দুর্গাপুর ইউনিয়নের বগইর গ্রামের হাবিবুর রহমান তার মেয়ে রুবিনা তার দুই সন্তান ও ছোট বোনকে নিয়ে সরাইলে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন মর্মে গত বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ(জিডি) করেন। কিন্তু আজ আমরা জানতে পারি নিখোঁজ গৃহবধূ রুবিনাকে তার বাবা ময়মনসিংহের তার এক আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন। এমন খবর পেয়ে আমরা তাদেরকে থানায় ডেকে নিয়ে আসি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কীভাবে, কোথায় ছিল ও কেন গিয়েছিল। জিজ্ঞাসাবাদে তাদের ময়মনসিংহে যাওয়ার প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে জানান তিনি।