রবিবার (১৩ ডিসেম্বর) রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার কাপসন্ডা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র জানায়, স্থানীয় রমজান আলী ও আব্দুর রউফ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। রবিবার (১৩ ডিসেম্বর) রাতে চেউটিয়া গ্রামের জিয়াদ আলী বিশ্বাসের ছেলে আবু রায়হান ইট ভাটায় কাজে যাচ্ছিলেন। কাপসন্ডা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রউফ গ্রুপের লোকজন তাকে বেদম মারপিট করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে রমজান ও রউফ গ্রুপ রাম দা, লাঠিসোটা ও বোমা নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এসময় তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় আনারুল, কবীর, হোসেনসহ কয়েকজনের দোকান এবং কামরুলের বাড়িঘর। ১০-১২টি বোমা বিস্ফোরণ ঘটানোয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাতেই মারাত্মক আহত আবু রায়হানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শুরু করেছে। এ ঘটনায় ইতোমধ্যে সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদেরও অভিযোগ দিতে বলা হয়েছে।