দাদা-দাদির সঙ্গে ওয়াজ শুনতে এসে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

বগুড়াবগুড়ার ধুনটে আট বছরের শিশু তাবাচ্ছুম খাতুন দাদা-দাদির সঙ্গে ওয়াজ শুনতে এসেছিল। এরপর চিপস্ কিনতে গিয়ে নিখোঁজ হওয়ার পর শিশুটির বিবস্ত্র লাশ পাওয়া গেছে ওয়াজের মঞ্চের কাছে বাঁশঝাড়ে। সোমবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের নরসরপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

মঙ্গলবার সকালে শিশুটির মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও গ্রামবাসী জানান, শিশু তাবাচ্ছুম খাতুন নসরতপুর গ্রামের বেলাল হোসেন খোকনের মেয়ে এবং স্থানীয় পাঁচথুপি-নসরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। তাবাচ্ছুম নসরতপুর গ্রামে দাদা আবদুস সবুরের বাড়িতে থেকে লেখাপড়া করতো।

জানা গেছে, প্রশাসনের অনুমতি ছাড়াই নসরতপুর জান্নাতুল ফেরদৌস কবরস্থান চত্বরে দু’দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে কবরস্থান পরিচালনা কমিটি। সোমবার রাতে তাবাচ্ছুম দাদা-দাদির সঙ্গে প্রথমদিনের তাফসির শুনতে যায়। রাত ১০টার দিকে শিশুটি চিপস কিনতে মঞ্চের পাশে দোকানে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১টার দিকে মঞ্চের কাছে লাশটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ধুনট থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।