কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি হাজতি মঞ্জুর আলীর (৫২) মৃত্যু হয়েছে।  তার নামে ঢাকার শাহবাগ থানায় মাদক মামলা রয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোরে অসুস্থ অবস্থায় কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বারুতন এলাকায়। বাবার নাম মৃত আজুদ্দীন সরকার। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার জানান, মঞ্জুর আলী ঢাকার শাহবাগ থানার মাদক মামলায় ২০১৮ সালের ১৭ ডিসেম্বর থেকে কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার ভোর রাতে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মঞ্জুর আলীকে মৃত ঘোষণা করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তার হাজতী নম্বর ছিল ৬৯৩০/১৮। এর আগে তিনি ঢাকা কারাগারে ছিলেন।

জেলার বলেন, আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।