বাংলাদেশকে স্বাধীন করে বিজয়ীর বেশে পটুয়াখালীতে প্রবেশ করে প্রথম লাল সবুজের পতাকা উত্তোলন করেছিলেন মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার আলতাফ হায়দার। বিজয়ের অর্ধ শত বছর উদযাপনের প্রাক্কালে ১৫ ডিসেম্বর রাত ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বীর মুক্তিযোদ্ধা । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়ছিল ৮৪ বছর। আজ বিজয় দিবসে আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহকে গার্ড অব অনার দেওয়া হয়। তার জানাজায় প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধারাসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
মরহুম আলতাফ হয়দারের গ্রামের বাড়ি জেলার মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামে। তার বাবার নাম মৃত হাজী আ. কাদের মৃধা। ১৯৭১ সালে ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করেন এই বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধে কমান্ডারের দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, জেলার মুক্তিযোদ্ধারা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।