নোয়াখালীর চাটখিলে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইটবাহী হ্যান্ড ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক অন্তঃস্বত্ত্বা এক নারী ও অটোরিকশাচালক নিহত হয়েছেন। এসময় ওই নারীর মা আহত হয়েছেন। উপজেলার রামগঞ্জ-চৌমুহনী আঞ্চলিক সড়কের ১১নং পোলের গোড়া এলাকায় আজ সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতানা আক্তার (১৯) উপজেলার পূর্ব শোশালিয়া কাঠিয়া বাড়ী এলাকার মোহাম্মদ সোহাগের স্ত্রী। তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নিহত অটোরিকশাচালক ইদ্রিস মিয়া (৪৫) একই এলাকার আব্দুল আজিজের ছেলে। আহত সালেহা আক্তার (৬০) একই এলাকার মনির হোসেনের স্ত্রী ও নিহত সুলতানা আক্তারের মা।
স্থানীয় সূত্রে জানা যায়, গর্ভবতী হওয়ায় গৃহবধূ সুলতানা আক্তার কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি দশঘড়িয়ায় আসেন। বুধবার সকালে মা সালেহা আক্তারকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে চাটখিল হাসপাতালের উদ্দেশে রওনা দেন। তাদের বহনকারী রিকশাটি রামগঞ্জ-চৌমুহনী আঞ্চলিক সড়কের ১১নং পোলের গোড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি হ্যান্ড ট্রাক্টর রিকশাটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে রিকশাটি উল্টে সড়কের পাশে ছিটকে পড়লে রিকশায় থাকা সুলতানা আক্তার ও চালক ইদ্রিস ঘটনাস্থলে নিহত হন এবং সুলতানার মা সালেহা আক্তার গুরুতর আহত হন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত সালেহা আক্তারকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হ্যান্ড ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।