মুজিববর্ষের গৃহনির্মাণ কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের

 

জামালপুরের শাহবাজপুর ইউনিয়নের কৈডোলায় গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. খলিলুর রহমান।

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য জামালপুরে চলমান গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. খলিলুর রহমান। গতকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) তিনি ঝটিকা অভিযানে এসে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলায় গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কবির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম, উপজেলা প্রকৌশলী রমজান আলী ও  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ মাহমুদসহ আরও অনেকে।

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে জামালপুর জেলার ৭টি উপজেলায় ১ হাজার ৪৭৩ জন ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। দুই কক্ষ বিশিষ্ট আধা পাকা প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. খলিলুর রহমান  গৃহনির্মাণ কাজের গুণগত মান নিশ্চিতকরণে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যে এসব ঘর নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে জানিয়েছেন।