গাজীপুরে মসজিদের উন্নয়ন কাজ চলার সময় এক ব্যক্তি সেখানে ঢুকে অসংলগ্ন কথা বলার পর এক নির্মাণ শ্রমিককে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছে। আহত শ্রমিকের নাম লিটন (৩০)। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। এসময় এলাকাবাসীর সহায়তায় পুলিশ জাহিদ নামে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়েত ওসমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহানগরের সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের মসজিদের ছাদ ভেঙে উন্নয়ন কাজ করছিল কয়েকজন শ্রমিক। এসময় সেখানে জাহিদ হঠাৎ প্রবেশ করে। তার মুখে দাড়ি, মাথায় টুপি ও পরনে পায়জামা-পাঞ্জাবি ছিল। সে ভারতের বাবরি মসজিদের মতো শ্রমিকেরা এ মসজিদটি অন্যায়ভাবে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে এমন দাবি করে শ্রমিকদের কাজে বাধা দেয়। এসময় শ্রমিকরা তাকে উন্নয়ন কাজের কথা বলার চেষ্টা করলে জাহিদ ক্ষিপ্ত হয়ে সেখান থেকে একটি হাতুড়ি তুলে নির্মাণ শ্রমিক লিটনকে (৩০) সজোরে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে লিটন মাটিতে লুটিয়ে পড়ে। সহকর্মীরা আহত লিটনকে উদ্ধার করে প্রথমে কুনিয়ার তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারী জাহিদকে আটক করে। জাহিদের অসংলগ্ন কথাবার্তায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে মানসিক সমস্যায় ভুগছে।
জানা গেছে, আহত লিটন স্থানীয় মোক্তার বাড়ি মালেক খানের বাড়িতে ভাড়া থাকে। সে গাজীপুরের জয়দেবপুর থানার মেম্বারবাড়ি এলাকার সেলিম হোসেনের ছেলে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।