বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বিভিন্ন পৌরসভার নির্বাচনে ভোটকেন্দ্র দখলসহ ভোটের খবর এখনও পাচ্ছি। ফলাফল পেতে দেরি হবে, ফল পেলে বিস্তারিত মূল্যায়ন জানাতে পারবো। তবে আমরা বরাবরের মতই মনে করছি, এই দুর্নীতিবাজ নির্বাচন কমিশনের আর দায়িত্বে থাকার কোনোরকম নৈতিক অধিকার নেই। তাঁরা পদত্যাগে যতো দেরি করবে, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ততই প্রলম্বিত হতে থাকবে! তিনি আরও বলেন, ইভিএম ঠিক জায়গায় ভোট পড়ার নিশ্চয়তা দেয় না। ফলে এটি এ দেশে কার্যকরী নয়।
বিএনপি মহাসচিব ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়াস্থ নিজ বাসভবনে প্রথম ধাপে পৌর নির্বাচন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছি। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, বিএনপি একই চক্রে ঘুরপাক খায়। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, ‘শেষ পর্যন্ত কচ্ছপেরই জয় হয়, ওবায়দুল কাদের সাহেবের খরগোস ও কচ্ছপের গল্পটি মনে করা উচিত। এই কচ্ছপের জয় আমাদেরই হবে।’
ইভিএম পদ্ধতি এদেশে আওয়ামী লীগকে ভোটে কারচুপির মাধ্যমে ক্ষমতায় থাকতে সহযোগিতা করছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘ইভিএম এদেশে ভোটারের ভোটটি ঠিক জায়গা মতো পড়েছে কিনা সে নিশ্চয়তা দেয় না, ফলে এটি এ দেশে কার্যকরী নয়।’