সৈয়দপুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর মৃত্যু

পৌরসভা নির্বাচন ২০২০-২১

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া এক কাউন্সিলর প্রার্থীর মৃত্যু হয়েছে। তার নাম সুলতান খান। ১২ নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে লড়ছিলেন তিনি। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে (১ জানুয়ারি) মৃত্যুবরণ করেন তিনি।

তার মৃত্যুতে এই ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট স্থগিত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও সৈয়দপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ নির্দেশনা দিয়েছেন। আগামী ১৬ জানুয়ারি সৈয়দপুর পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।

 এ সংক্রান্ত পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই পদে ভোট স্থগিত থাকবে বলে জানানো হয়।

শনিবার (২ জানুয়ারি) বাদ জোহর জানাজা শেষে সুলতান খানকে উপজেলা শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সিলর প্রার্থী হলেন আব্দুল খালেক সাবু (গাজর প্রতীক), খালিদ আজম আশরাফী (ব্রিজ প্রতীক), নুর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন (উটপাখি প্রতীক), মো. মশিউর রহমান (ডালিম প্রতীক)।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল জানান, ১২ নম্বর ওয়ার্ডে  কাউন্সিলর পদে ৫ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। এরমধ্যে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচনি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ওয়ার্ডে শুধুমাত্র ওয়ার্ড কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ওই ওয়ার্ডের ভোটাররা ভোট দিতে পারবেন।

তিনি জানান, ১৬ জানুয়ারি সৈয়দপুর পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ ও ফল ঘোষণার পর ১২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে পুনরায় তফসিল ঘোষণা করা হবে। তবে বর্তমানে যে চারজন কাউন্সিল প্রার্থী রয়েছেন তাদের আর মনোনয়নপত্র দাখিল করতে হবে না। তবে নতুন করে কেউ প্রার্থী হতে চাইলে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে (সাধারণ আসনে) ৮৮ জন ও সংরক্ষিত আসনে (নারী কাউন্সিলর) ৫টি ওয়ার্ডে ২১ জন মনোনয়নপত্র দাখিল করেন। সেখানে মোট ভোটার সংখ্যা ৯৩ হাজার ৮৯৩টি।