বাংলাদেশের ইতিহাস মানেই ছাত্রলীগের ইতিহাস: কাজী নাবিল

ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাস মানেই ছাত্রলীগের ইতিহাস। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে থেকে আজ পর্যন্ত মানুষের অধিকার আদায়ের সব আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং আছে।’ সোমবার (৪ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোর প্রেসক্লাবে জেলা ছাত্রলীগের কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তৃতায় এসব কথা বলেন তিনি। 

কাজী নাবিল ছাত্রলীগের অতীত অবদানের কথা স্মরণ করে বলেন, ‘বঙ্গবন্ধুর ৬ দফা দাবি বাস্তবায়ন ও ত্বরান্বিত করতে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাত্রলীগ সব সময় প্রগতি ও উন্নয়নের জন্য অতীতের মতো কাজ করে জননেত্রীর হাতকে শক্তিশালী করবে। 

তিনি করোনা মোকাবিলায় সরকারের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, ‘করোনা মহামারি মোকাবিলায় জননেত্রী শেখ হাসিনার দৃঢ় ও বিজ্ঞ নেতৃত্ব ইতোমধ্যে সারা বিশ্বে সমাদৃত হয়েছে।’ 

এ সময় অন্যদের মধ্যে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা, জেলা পরিষদ সদস্য মেহেদি হাসান মিন্টু, পৌর কাউন্সিলর মকশিমুল বারী অপু, ছাত্রলীগের সাবেক সভাপতি সুখেন মজুমদার, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, শান্ত দেসহ যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে নেতৃবৃন্দ শহরে শোভাযাত্রা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল সাড়ে ১১টায় শহরের দড়াটানা থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে শোভাযাত্রা শুরু হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে যশোর প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ নেতা ইমরান হোসেন।